সায়ন ঘোষ, বনগাঁ : আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে বনগাঁ টাউন লাইব্রেরী প্রাঙ্গণে মন্ত্র যোগশালার উদ্যোগে এক বিনামূল্যের যোগ ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা লাভ করেন।
শিবিরে উপস্থিত যোগ প্রশিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং নিয়মিত যোগচর্চার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্র যোগশালার কর্নধার ঈশানী মিত্র বলেন, আধুনিক ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম।
মন্ত্র যোগশালার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে তাদের শাখা কেন্দ্রগুলি বনগাঁ, গোপালনগর, পাল্লা, কল্যাণী ও মদনপুরে নিয়মিতভাবে যোগ প্রশিক্ষণ প্রদান করছে। সংস্থার লক্ষ্য হল সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তুলতে সহায়তা করা।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা সকল অংশগ্রহণকারী, সহযোগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

