বিশেষ প্রতিবেদন : দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় দেবী লক্ষ্মীর আরাধনা। ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য লাভের আশায় আজ, ২৫ অক্টোবর রবিবার পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। বিশেষ করে পূর্ববঙ্গীয় বাঙালি পরিবারগুলিতে এই পুজোর প্রচলন ও গুরুত্ব যথেষ্ট বেশি। তবে পূর্ণিমা তিথি দু’দিনে বিস্তৃত থাকায় পুজোর সময় নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ১১টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়েছে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে, তিথি শুরু হয়েছে সকাল ১০টা ৫৭ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে। পঞ্জিকাভেদে সময়ের পার্থক্য থাকায় পারিবারিক পঞ্জিকা মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিশীথে পুজোর শুভ সময়
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ রাত ১০টা ৫৬ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত নিশীথ পুজোর বিশেষ সময় রয়েছে। প্রায় ৫০ মিনিটের এই সময়সীমায় দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারবেন ভক্তরা। এ ছাড়াও বিভিন্ন পরিবারে প্রদোষকালে সন্ধ্যার পর লক্ষ্মীপুজোর প্রচলন রয়েছে।
‘কোজাগরী’ শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো?’ লোকবিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে ঘুরে দেখেন, কে জেগে তাঁর আরাধনা করছেন। ভক্তদের বিশ্বাস, দেবীর কৃপায় সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে।
এই উপলক্ষে বাড়িতে বাড়িতে আলপনা আঁকা, দেবীর চরণচিহ্ন তৈরি এবং পুজোর আয়োজন করা হয়। অনেক পরিবারে নারকেল, চিঁড়ে, মুড়ি ও খই নিবেদনের রীতিও রয়েছে। দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছেন বাঙালিরা।
