হাসিনার ফেরার বার্তা, ফের অগ্নিগর্ভ বাংলাদেশ! বাসে আগুন, সংঘর্ষে মৃত বিএনপি নেতা

Hasinas-message-of-return-sets-Bangladesh-ablaze-once-again-Buses-torched-BNP-leader-killed-in-clashes

সমাচার ওয়েবডেস্ক : বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর মাসে দেশে প্রত্যাবর্তনের বার্তাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওপার বাংলায়। মঙ্গলবার রাত থেকেই ঢাকাসহ একাধিক এলাকায় অশান্তির ছবি সামনে এসেছে। পরপর চারটি বাসে অগ্নিসংযোগ, একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বিএনপি নেতা। অন্যদিকে, আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ফের শোনা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ।

Creation-Photoworld

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ ভাঙ্গার হামিরদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় তিনটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর কিছুক্ষণ পর, রাত ন’টা নাগাদ হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকেরা। এরপরই দুই রাজনৈতিক শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই সংঘর্ষেই গুরুতর জখম হন বিএনপি নেতা রাজু মোল্লা (৩৪)। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। এই মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

/

অন্যদিকে, অশান্তির আঁচ পৌঁছেছে শেখ হাসিনার জন্মস্থান এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা গোপালগঞ্জেও। মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভাইরাল হওয়া ফুটেজে কয়েকজনকে মাথায় হেলমেট পরে এবং হাতে অস্ত্র নিয়ে থানার ভিতরে ঢুকতে দেখা গিয়েছে। এরপর থানার ভিতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্যও সামনে এসেছে।

Bholanath-Oil

এখানেই শেষ নয়। গাজিপুরে আওয়ামি লিগের এক প্রাক্তন মন্ত্রী তথা গোপালগঞ্জের বর্তমান সাংসদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে রাজনৈতিক সংঘাতের জেরে বাংলাদেশের একাধিক এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Megh-Balikar-Deshe

বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ওপার বাংলায় বসবাসকারী বাঙালি হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার প্রশ্ন তুলে তিনি বলেন, “ওখানে যে ঘোষ, বোস, মিত্ররা আছেন, চাকমারা আছেন, মতুয়ারা আছেন, তাঁরা আমাদের রক্তেরই। তাঁরা আজ বিপন্ন। ধর্মাচরণ, মন্দির ভাঙা—এসব চলছে। এগুলি অবিলম্বে বন্ধ হোক।”

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা ঘিরে রাজনৈতিক উত্তাপ, তার সঙ্গে একের পর এক হামলা ও হিংসার ঘটনায় নতুন করে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Post a Comment

Previous Post Next Post