প্রতিনিধি, বাঁকুড়া : ছটপুজোর আনন্দঘন মুহূর্তে আচমকাই নেমে আসে বিপদ। পরিবারের চোখের আড়ালে দামোদর নদের জলে তলিয়ে যায় তিন বছরের এক শিশু। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়েই নদীতে ঝাঁপ দেন কর্তব্যরত পুলিশ আধিকারিক। তাঁর তৎপরতায় প্রাণে রক্ষা পায় ছোট্ট শিশুটি। মানবিকতার এই নজির গড়ে রাজ্য পুলিশের প্রশংসা কুড়িয়েছেন মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র।
ঘটনাটি গত সোমবার বাঁকুড়ার রানিগঞ্জের মেজিয়া থানা এলাকার দামোদর নদের ঘাটে। ছটপুজো উপলক্ষে ওই ঘাটে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। পরিবারের সঙ্গে পুজোয় যোগ দিতে সেখানে এসেছিলেন গির্জাপাড়ার বাসিন্দা প্রিন্স কুমার। তাঁর সঙ্গে ছিল তিন বছরের মেয়ে প্রিন্সিকা কুমারী। পুজোর ব্যস্ততার মধ্যেই কোনওভাবে পরিবারের নজর এড়িয়ে নদীর জলে পড়ে যায় শিশুটি। মুহূর্তের মধ্যেই জলের স্রোতে তলিয়ে যেতে শুরু করে সে। মেয়েকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকারে ঘাট চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
সেই সময় ঘাটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র। বিপদের খবর কানে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধারের জন্য দ্বিতীয়বার ভাবেননি ওই পুলিশ আধিকারিক। পোশাক পরেই সরাসরি নদীতে ঝাঁপিয়ে পড়েন। বেশ কিছুক্ষণের চেষ্টায় জলের গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন তিনি। সৌভাগ্যবশত, অক্ষত অবস্থাতেই প্রিন্সিকাকে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
আকাশ পাত্রের এই সাহসিকতা ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে রাজ্য পুলিশ। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘটনাটির বিবরণ দিয়ে ওই পুলিশ আধিকারিকের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, চারদিকে যখন ছটপুজোর ভিড় ও ব্যস্ততা, সেই সময় আচমকা বিপদের মুখে পড়ে শিশুটি। চিৎকার শুনে দ্রুত ছুটে এসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেন আকাশ। তাঁর তৎপরতাতেই নিরাপদে ফিরে আসে ছোট্ট প্রিন্সিকা।
কর্তব্য পালনের পাশাপাশি মানবিক দায়িত্ববোধের যে দৃষ্টান্ত আকাশ পাত্র স্থাপন করেছেন, তা প্রশংসনীয় বলেই মনে করছে রাজ্য পুলিশ। তাঁর এই সাহসিকতার ঘটনা ফের একবার পুলিশের মানবিক মুখকে সামনে নিয়ে এল।





