ফের বাংলাদেশে লকডাউন ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি, থানায় আগুন, সংঘর্ষে উত্তাল একাধিক জেলা

Volatile-Situation-in-Bangladesh-once-again-over-lockdown

সমাচার ওয়েবডেস্ক : ক্রমশ জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ও হিংসার ঘটনা। শেখ হাসিনার দেশে ফেরার বার্তার আবহেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে ওপার বাংলা। বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। আর সেই কর্মসূচিকে ঘিরেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে উত্তেজনা। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও সড়ক অবরোধ, আবার কোথাও সরকারি সম্পত্তি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

Megh-Balikar-Deshe

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরাই থানায় অগ্নিসংযোগ করেছে। একই জেলায় বিএনপির প্রাক্তন সাংসদ এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা চালানো হয়। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিএনপির একাধিক নেতা-কর্মী ও সমর্থকের বাড়িতেও হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর।

Bholanath-Oil

অন্যদিকে, রাজধানী ঢাকাতেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। দুপুরে ডেমরা এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সামরিক বাহিনীকে পরপর সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়। একের পর এক বিস্ফোরণের শব্দ এবং কাঁদানে গ্যাসের ধোঁয়ায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকার একাধিক রাস্তা।

/

একই ছবি দেখা যায় নারায়ণগঞ্জের তারাবো সেতু এলাকাতেও। বৃহস্পতিবার সকালে সেখানে জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়। সেতুর উপর থেকে তোলা সেই সংঘর্ষের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল মোড় এবং স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের।

প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এই তালিকায় রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন বিজিবি বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে পুলিশের কড়া পদক্ষেপ—দুইয়ের জেরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।

Creation-Photoworld

এদিকে, দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তথা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। দেশজুড়ে আওয়ামী লীগের ডাকা লকডাউন, বিভিন্ন জেলায় সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আবহে এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে বৈঠক শেষে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Post a Comment

Previous Post Next Post