ডিসেম্বরেই হরিণঘাটায় ভূমিপুজো, বাংলায় বিনিয়োগ রিলায়েন্সের

Reliance to-invest-in-Bengal-ground-breaking-ceremony-in-Haringhata-this-December

সায়ন ঘোষ, নদীয়া : বাংলায় শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে আরও এক নতুন পদক্ষেপ। নদিয়ার হরিণঘাটায় ক্যাম্পা কোলার উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই এই প্রকল্পের ভূমিপুজো হতে পারে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিনিয়োগকে কেন্দ্র করে রাজ্যে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হয়েছে।

Megh-Balikar-Deshe

বুধবার রাতে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজো উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে শিল্প বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ক্যাম্পা কোলার প্রকল্পের কথা জানান। মুখ্যমন্ত্রীর কথায়, "আদানি আরোগ্য মন্দির করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে ক্যাম্পা কোলা আসছে। জানুয়ারিতে জিন্দলের ভূমিপুজো। শিল্পপতিরা বিনিয়োগ করবেন। ছোট ছোট ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে।"

Bholanath-Oil

রাজ্যে শিল্পের প্রসার এবং বিনিয়োগ টানাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরছে বর্তমান সরকার। রাজনৈতিক পালাবদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বাংলায় শিল্পের অভাব ও কর্মসংস্থানের সংকট। সেই পরিস্থিতি বদলে রাজ্যে নতুন শিল্প সংস্থাকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর সেই লক্ষ্যেই একাধিক উদ্যোগের কথা সামনে আনছে সরকার।

Bholanath-Oil

ইতিমধ্যেই রাজ্যে লাক্স কোজির নতুন কারখানা এবং আমূলের উৎপাদন কেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। বিনিয়োগের লক্ষ্যে মুকেশ আম্বানি ও গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে হাসপাতাল তৈরির কাজও এগোচ্ছে।

/

এবার সেই বিনিয়োগের তালিকায় যুক্ত হতে চলেছে রিলায়েন্সের ক্যাম্পা কোলা প্রকল্প। হরিণঘাটায় এই উৎপাদন কেন্দ্র গড়ে উঠলে সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি পরিবহণ, সরবরাহ, প্যাকেজিং এবং অন্যান্য সহযোগী ক্ষেত্রেও ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। স্থানীয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও এর ফলে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে প্রকল্পের বিনিয়োগের পরিমাণ, উৎপাদন ক্ষমতা এবং মোট কত কর্মসংস্থান হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। ডিসেম্বরের ভূমিপুজোর পর প্রকল্পের অগ্রগতি কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর শিল্পমহলের।

Post a Comment

Previous Post Next Post