শান্তনু ঠাকুরকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতারের দাবিতে বনগাঁ পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন

Protest-and-submission-of-a-deputation-in-front-of-the-Bongaon-Superintendent-of-Polices-office-demanding an-arrest-over-alleged-offensive-remarks-made-against-Shantanu-Thakur

সায়ন ঘোষ, বনগাঁ : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ করেনি, এই অভিযোগ তুলে বুধবার বনগাঁ পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

Megh-Balikar-Deshe

সংগঠনের তরফে মূলত অভিযুক্ত বিএমএস নেতা রাজীব গোস্বামীর গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। বুধবারের এই কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব ও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের উপস্থিতিতে পুলিশ সুপারের দফতরে নিজেদের দাবি তুলে ধরা হয়।

Bholanath-Oil

ঘটনার সূত্রপাত পেট্রাপোল স্থলবন্দরে ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে। শ্রমিক সংগঠনের কর্তৃত্ব এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিবাদের মধ্যেই শান্তনু ঠাকুরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিএমএস নেতা রাজীব গোস্বামীর বিরুদ্ধে। অভিযোগ, শান্তনু ঠাকুরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা তাঁর সম্মানহানি করেছে বলে দাবি করেছেন তাঁর অনুগামীরা।

/

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় শান্তনু ঠাকুরপন্থী মতুয়া মহলে। রাজীব গোস্বামীর বিরুদ্ধে পেট্রাপোল থানা-সহ বনগাঁ ও নদিয়ার একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যের বাইরেও কয়েকটি জায়গায় অভিযোগ জানানোর কথা সামনে এসেছে। কিন্তু এতগুলি অভিযোগ দায়ের হওয়ার পরেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কেন কোনও কঠোর পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সংগঠনের সদস্যরা।

অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা আগেই সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, শান্তনু ঠাকুরের মতো একজন জনপ্রতিনিধি ও মতুয়া সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হলেও পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেই পুলিশ সুপারের দফতরে অবস্থান ও ডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধু অভিযুক্তের গ্রেপ্তারিই নয়, পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন। তাদের দাবি, অভিযোগের ভিত্তিতে পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর বিজেপি শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্বও নতুন করে প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার অনুগামীদের মধ্যে বিএমএসের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে বিবাদ সম্প্রতি প্রকাশ্যে আসে। পেট্রাপোল বন্দরে শ্রমিক অসন্তোষ ও লোডিং-আনলোডিং সংক্রান্ত অচলাবস্থার মধ্যেই দুই পক্ষের বিরোধ আরও জটিল আকার ধারণ করে।

Creation-Photoworld

সব মিলিয়ে শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ এখন আর শুধুমাত্র ব্যক্তিগত সম্মানহানির বিষয়েই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে মতুয়া সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং পেট্রাপোল বন্দরের শ্রমিক সংগঠনের ক্ষমতা দখলের লড়াই। বুধবারের বিক্ষোভ ও ডেপুটেশনের পর পুলিশ প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Post a Comment

Previous Post Next Post