ভাইফোঁটার আনন্দ আবহে বনগাঁয় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Young-man-dies-in-tragic-accident-in-Bongaon-amidst-Bhai-Phota-festivities

প্রতিনিধি, বনগাঁ : উৎসবের সকাল শুরুর আগেই মর্মান্তিক পরিণতি! ভাইফোঁটার আনন্দের আবহে বনগাঁয় এক যুবকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এল এলাকায়। বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা মারে একটি মোটরবাইক। দুর্ঘটনায় প্রাণ হারান বাইকচালক ২৩ বছরের অভিজিৎ সরকার। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খয়রামারি এলাকায়, স্বামীজি স্পোর্টিং ক্লাব সংলগ্ন শ্মশান রোড ও কলেজ রোডের সংযোগস্থলে।

Megh-Balikar-Deshe

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর মতিগঞ্জ এলাকার বাসিন্দা অভিজিৎ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন। বুধবার ভোরে স্টেডিয়াম মোড় থেকে টাউন হলের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় খয়রামারি এলাকায় একটি দোকানের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারায় তাঁর মোটরবাইক। প্রথমে দোকানের সামনের একটি খুঁটিতে ধাক্কা লাগে বাইকটির। এরপর সোজা গিয়ে দোকানের দেওয়ালে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান অভিজিৎ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Bholanath-Oil

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। উদ্ধার করা হয় যুবকের দেহ। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেটি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বাইকের নিয়ন্ত্রণ হারানোর পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

/

এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে এলাকায় বেপরোয়া মোটরবাইক চালানো নিয়ে। প্রাক্তন পুলিশকর্মী তথা স্থানীয় বাসিন্দা অনিল চন্দ্র দাসের কথায়, ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনার খবর পান তাঁরা। ওই এলাকায় স্কুল ও কলেজ থাকায় প্রতিদিন বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। অথচ কিছু কমবয়সি যুবকের বেপরোয়া বাইক চালানো নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সম্প্রতি এমনই এক বাইকচালককে সতর্ক করেছিলেন বলেও জানান তিনি। বিষয়টি প্রশাসনের নজরে আনার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন অনিলবাবু।

একই সুরে অভিভাবকদের সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষক তথা স্থানীয় বাসিন্দা গোবিন্দ চক্রবর্তী। তাঁর বক্তব্য, সন্তানদের হাতে মোটরবাইক তুলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাঁরা কীভাবে রাস্তায় বাইক চালাচ্ছে, গতির নিয়ন্ত্রণ রাখছে কি না, সে বিষয়েও অভিভাবকদের নজর দেওয়া প্রয়োজন।

Creation-Photoworld

ভাইফোঁটার মতো পারিবারিক উৎসবের আগে এমন ঘটনায় শোকস্তব্ধ অভিজিতের পরিবার। উৎসবের আনন্দের মাঝেও এই মৃত্যু ফের মনে করিয়ে দিল, রাস্তায় সামান্য অসতর্কতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

Post a Comment

Previous Post Next Post