ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ, এক মাসে ৬০ জন ভর্তি রোগী

Dengue-outbreak-on-the-rise-again-60-patients-admitted-in-one-month

প্রতিনিধি, কাকদ্বীপ : রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। আগামী ১২ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সমস্ত পুরসভা, জেলা প্রশাসন এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সুন্দরবন এলাকায় ক্রমশ বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

/

কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। জুলাই মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাত্র ৪ জন। অগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা পৌঁছয় ৩৫-এ। আর অক্টোবর মাসে তা একলাফে বেড়ে হয়েছে ৬০। অর্থাৎ, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

Megh-Balikar-Deshe

বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দু’জন ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কারও জ্বর নেই এবং দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। সবকিছু ঠিক থাকলে আগামী এক-দু’দিনের মধ্যে তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

Bholanath-Oil

হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত কোনও রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন পড়েনি। পাশাপাশি, ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাও ঘটেনি। নভেম্বর মাসে তাপমাত্রা কমতে শুরু করলে সংক্রমণের হারও ধীরে ধীরে কমতে পারে বলে আশাবাদী চিকিৎসক মহল।

অন্যদিকে, ডেঙ্গির সংক্রমণ নিয়ন্ত্রণে সুন্দরবনের বিভিন্ন পঞ্চায়েত ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

Creation-Photoworld

তবে অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। ডেঙ্গির প্রকোপ ঠেকাতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

Post a Comment

Previous Post Next Post