সায়ন ঘোষ, পেট্রাপোল : শ্রমিকদের মধ্যে কাজের বণ্টন নিয়ে বিরোধের জেরে টানা তিন দিন ধরে চলা অচলাবস্থা অবশেষে কাটল পেট্রাপোল স্থলবন্দরে। বুধবার শ্রমিকদের সঙ্গে আলোচনার পর সমস্যার নিষ্পত্তি হওয়ায় পুনরায় সচল হল বন্দরের পণ্য পরিবহণ ব্যবস্থা। শুরু হয়েছে পণ্য লোডিং ও আনলোডিংয়ের কাজ। দীর্ঘক্ষণ কাজ বন্ধ থাকায় বন্দরের ভিতরে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলির চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমিক, ব্যবসায়ী এবং পরিবহণের সঙ্গে যুক্ত মহলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১ তারিখ থেকে পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কাজ বণ্টনকে কেন্দ্র করে অসন্তোষের সূত্রপাত। কাজের অধিকার, পরিচয়পত্র এবং বিভিন্ন শ্রমিকের দাবিদাওয়া নিয়ে একাধিক পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই বিরোধ ধীরে ধীরে তীব্র হওয়ায় বন্ধ হয়ে যায় বন্দরের পণ্য ওঠানো ও নামানোর প্রক্রিয়া। এর জেরে ব্যাহত হয় ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণের স্বাভাবিক ব্যবস্থা।
টানা তিন দিন ধরে কাজ বন্ধ থাকায় বন্দরের ভিতরে আটকে পড়ে বাংলাদেশ থেকে আসা একাধিক পণ্যবোঝাই ট্রাক। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না হওয়ায় পরিবহণ ব্যবস্থা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে বাণিজ্যের ক্ষেত্রে পেট্রাপোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর। প্রতিদিন এই পথ দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। তাই বন্দরের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়ে বাণিজ্যিক ক্ষেত্রেও।
শেষ পর্যন্ত বুধবার শ্রমিকদের মধ্যে বৈঠক ও আলোচনার মাধ্যমে জট কাটে। নিজেদের মধ্যে আলোচনা করে কাজে ফেরার বিষয়ে সহমত হন শ্রমিকরা। এরপরই ফের চালু হয় লোডিং ও আনলোডিংয়ের কাজ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বন্দরের কর্মব্যস্ততা।
শ্রমিকদের দাবি, কাজের সুষ্ঠু বণ্টন এবং নিজেদের প্রাপ্য অধিকার নিয়েই মূলত এই বিরোধের সূত্রপাত হয়েছিল। আলোচনার মাধ্যমে আপাতত সমস্যার সমাধান হওয়ায় তাঁরা কাজে ফিরেছেন।
অন্যদিকে, বিএমএস-এর সঙ্গে যুক্ত পেট্রাপোল সীমান্ত লোডিং-আনলোডিং ঠিকা শ্রমিক সংঘের সদস্য গৌতম মণ্ডল জানান, শ্রমিকদের মধ্যে কাজের বণ্টন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তাঁর কথায়, “আজ মূলত সিটু, তৃণমূল কংগ্রেস এবং বিহারি শ্রমিকরা লোডিং-আনলোডিংয়ের কাজ করেছেন। আমরা অপেক্ষায় রয়েছি, কবে এই বিষয়ে সঠিক নির্দেশিকা আসে এবং কাজের বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।”
তবে তিন দিনের অচলাবস্থা কাটলেও ভবিষ্যতে যাতে কাজের বণ্টন বা শ্রমিকদের অধিকার নিয়ে ফের কোনও জটিলতা তৈরি না হয়, তা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট মহলের কাছে বড় চ্যালেঞ্জ।



