সায়ন ঘোষ, বনগাঁ : সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে ফের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে বনগাঁ। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা শাসকের (SDO) দফতরে সিএএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হলেন দুই রাজনৈতিক নেতা অশোক কীর্তনীয়া ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া অধ্যুষিত বনগাঁ অঞ্চলে নাগরিকত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
বৈঠকের মূল
আলোচ্য বিষয় ছিল সিএএ-র আওতায় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া এবং শুনানির পদ্ধতি আরও
সহজ করা। সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন এবং কম সময়ে ও সহজ পদ্ধতিতে
নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন, সেই বিষয়েই আলোচনা হয়েছে বলে
জানান রাজ্যের খাদ্য, সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর বক্তব্য, শুনানি
প্রক্রিয়াকে আরও সরলীকরণ করা গেলে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবেন।
তবে এই বৈঠকের
রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, বনগাঁর মতুয়া
সমাজের মধ্যে প্রভাব ও নেতৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অশোক কীর্তনীয়া এবং শান্তনু
ঠাকুরের সম্পর্ক দীর্ঘদিন ধরেই খুব একটা মসৃণ নয়। রাজ্যের খাদ্যমন্ত্রী হিসেবে অশোক
কীর্তনীয়ার রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ার পর বনগাঁর সংগঠন ও মতুয়া সমাজে নেতৃত্বের
প্রশ্নে দুই শিবিরের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
সম্প্রতি বিভিন্ন
সভা ও রাজনৈতিক কর্মসূচিতে নাম না করে একে অপরকে নিশানা করার ঘটনাও সামনে এসেছে। শান্তনু
ঠাকুরের একাধিক মন্তব্যকে অশোক কীর্তনীয়াকে লক্ষ্য করেই করা হয়েছে বলে রাজনৈতিক মহলে
আলোচনা হয়েছে। অন্যদিকে, অশোকও নিজের রাজনৈতিক অবস্থান ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে
বনগাঁর মতুয়া সমাজের মধ্যে প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের
একাংশ।
বিশেষ করে সিএএ-র
মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে দুই নেতার একই প্রশাসনিক বৈঠকে উপস্থিতি যথেষ্ট
তাৎপর্যপূর্ণ। কারণ, মতুয়া সমাজের বহু মানুষের কাছে নাগরিকত্বের প্রশ্ন শুধু আইনি
বিষয় নয়, তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেগের সঙ্গেও জড়িত। এর আগে ব্লক স্তরে
শুনানির ব্যবস্থা এবং নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সহজ করার বিষয়েও একাধিক উদ্যোগের
কথা সামনে এসেছে।
তবে রাজনৈতিক
মতপার্থক্য সরিয়ে রেখে সাধারণ মানুষের স্বার্থে সিএএ প্রক্রিয়া কতটা সহজ করা যায়,
এখন সেটাই দেখার। বৈঠকে দুই নেতার উপস্থিতি কি ভবিষ্যতে রাজনৈতিক দূরত্ব কমানোর ইঙ্গিত,
নাকি নাগরিকত্বের ইস্যুতে নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠার লড়াই, সেই প্রশ্নই ঘুরছে বনগাঁর
রাজনৈতিক মহলে।




