প্রতিনিধি, বর্ধমান ও বীরভূম : পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের মুরারইয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর পৃথক অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে কোনও বড়সড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ও ৫ নভেম্বর পাণ্ডবেশ্বরের দাহ্ন গ্রামে তল্লাশি চালিয়ে শেখ শাহজাহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ২১টি আগ্নেয়াস্ত্র এবং ৬৫ রাউন্ড কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি মাস্কেট, ৪টি ৭ এমএম পিস্তল এবং ১১টি পাইপ গান। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৪৭টি ৮ এমএম এবং ১৮টি ৭.৬৫ এমএম কার্তুজ।
অন্যদিকে, বীরভূমের মুরারই থানার অন্তর্গত বারোয়া গোপালপুর ও রাজগ্রাম এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে বিস্ফোরক মজুত রাখার অভিযোগে মহম্মদ রেজা শেখ ওরফে গুড়াকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সিউড়ির তিলপাড়ার বাসিন্দা মুকেশ সিংহকেও গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে ১১৫০টি জিলেটিন স্টিক, ৯৮৯টি ডিটোনেটর এবং প্রায় ১২ হাজার মিটার তার উদ্ধার হয়েছে।
তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক কোথাও পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এর আগে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে খইরুল আলম এবং মহম্মদ শামসের নামে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পাণ্ডবেশ্বর ও বীরভূমে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং সম্ভাব্য পাচারের গন্তব্য জানার চেষ্টা চলছে। এর পিছনে কোনও সংগঠিত অস্ত্র ও বিস্ফোরক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে। এসটিএফ সূত্রের দাবি, এই ঘটনাগুলির তদন্তে এখনও পর্যন্ত মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং ১২২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।




