সায়ন ঘোষ, বনগাঁ : আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন জল্পনার মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের একাধিক অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি বাংলাদেশের নড়াইলে সংখ্যালঘু পরিবার এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের প্রায় ২০০টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার নেপথ্যে বিএনপির নামও জড়িয়েছে বলে অভিযোগ।
এমন পরিস্থিতিতে রবিবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে আওয়ামি লিগের চার শীর্ষ নেতার। তাঁদের সম্ভাব্য সফরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়েই কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠল পেট্রাপোল। রবিবার সকাল থেকেই হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠনের সদস্যরা বিক্ষোভে শামিল হন। সনাতনীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা।
বিক্ষোভ মঞ্চ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হন বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, ''দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন চিন্ময়কৃষ্ণ প্রভু। অথচ তাঁর বিচার হচ্ছে না। যাঁরা চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলছেন, তাঁদেরই আগে জেলে যাওয়া উচিত।'' তাঁর দাবি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় শেখ হাসিনার উচিত পেট্রাপোল সীমান্ত দিয়েই বিপুল সংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া।
একই সুর শোনা যায় রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার বক্তব্যেও। তিনি বলেন, ''শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। সে দেশের সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব তাঁর। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। হাসিনা দেশে ফিরলে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।''
অন্যদিকে, আওয়ামি লিগের একাধিক শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনের সম্ভাবনাকে ঘিরেও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, দলের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন মায়ার পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম এই সফরে থাকতে পারেন। তবে ঠিক কী উদ্দেশ্যে তাঁদের এই সীমান্ত পরিদর্শন, তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ওই এলাকায় তিন থেকে চার দিন থাকার পর তাঁদের আগরতলায় যাওয়ার কর্মসূচি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ ও পরিস্থিতি খতিয়ে দেখতেই আওয়ামি লিগের নেতাদের এই সফর হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চয়তা মেলেনি। সব মিলিয়ে, একদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে আওয়ামি নেতাদের সম্ভাব্য সীমান্ত সফর এবং মতুয়া সংগঠনগুলির প্রতিবাদ—সব মিলিয়ে পেট্রাপোল সীমান্তকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।




