সায়ন ঘোষ, বিশেষ প্রতিবেদন : কালীপুজোকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বারাসাত ও নৈহাটিতে দর্শনার্থীদের ঢল সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল রাজ্য পুলিশ। পুজোর দিনগুলিতে বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে দুই শহরের নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য জেলা থেকে ১০ জনেরও বেশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বিশেষ দায়িত্বে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রতি বছরই কালীপুজো উপলক্ষে বারাসাত ও নৈহাতির পুজো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। চোখধাঁধানো মণ্ডপসজ্জা, নজরকাড়া আলোকসজ্জা এবং বিভিন্ন থিমের প্রতিমা দেখতে শুধু উত্তর ২৪ পরগনা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। ফলে জনসমাগম নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এবার সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য পুলিশ। সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্ব সামলাতে এসপি, ডিআইজি, আইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের কাজে লাগানো হচ্ছে। তাঁদের মধ্যে একাধিক আইপিএস আধিকারিকও থাকবেন। স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য জেলার অভিজ্ঞ আধিকারিকদেরও বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।
পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় ভিড় নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোই পুলিশের প্রধান লক্ষ্য। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদে প্রতিমা দর্শন নিশ্চিত করতেও বিশেষ নজরদারি চালানো হবে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আগামী কয়েক দিনে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে। তাই পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সব মিলিয়ে বারাসাত ও নৈহাটির কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার বাড়তি সতর্ক রাজ্য পুলিশ।




