প্রতিনিধি, কলকাতা : রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। এবার কলকাতার গণ্ডি ছাড়িয়ে সমস্ত জেলায় পড়ুয়াদের রান্না করা খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পেতে চলেছে ইসকনের সহযোগী সংস্থা অন্নমৃতা ফাউন্ডেশন। শনিবার, ৭ নভেম্বর, স্কুলশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সংস্থাটিকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের আওতায় ধাপে ধাপে এই ব্যবস্থা চালু হবে।
এর আগে গত ১
আগস্ট কলকাতার কয়েকটি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে অন্নমৃতা ফাউন্ডেশনের মাধ্যমে
খাবার সরবরাহ শুরু হয়েছিল। প্রথমে প্রায় ৩০ হাজার পড়ুয়াকে এই পরিষেবার আওতায় আনা হয়।
পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৪৫ হাজারে। এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই রাজ্যের
সমস্ত জেলায় পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ।
নতুন নির্দেশিকা
অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের স্কুলের অবস্থান, পড়ুয়ার সংখ্যা-সহ প্রয়োজনীয়
তথ্য ফাউন্ডেশনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি প্রতিদিন বিপুল সংখ্যক পড়ুয়ার জন্য
খাবার তৈরি ও সরবরাহের লক্ষ্যে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন
তৈরির উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে। এই কাজে জেলা প্রশাসন সংস্থাটিকে সহযোগিতা করবে।
তবে বিজ্ঞপ্তি
জারি হলেও এখনই সমস্ত স্কুলে নতুন ব্যবস্থায় খাবার সরবরাহ শুরু হচ্ছে না। পরিকাঠামো
তৈরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর ফাউন্ডেশনকে লেটার অফ অ্যাকসেপ্ট্যান্স
বা LOA দেওয়ার প্রক্রিয়া এগোবে।
অন্যদিকে, নতুন ব্যবস্থায় পড়ুয়াদের খাবারের মেনু নিয়েও প্রশ্ন রয়েছে। অন্নমৃতা ফাউন্ডেশন নিরামিষ খাবার সরবরাহ করলেও মিড ডে মিলে ডিম দেওয়ার দায়িত্ব কার হাতে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে রাজ্যজুড়ে নতুন এই ব্যবস্থা চালুর আগে ডিম সরবরাহের বিষয়টি নিয়ে চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষায় স্কুলমহল।





